শিলিগুড়ি,২০ ডিসেম্বর: দীর্ঘ পাঁচ বছর পর চুরি যাওয়া একটি মোটরবাইক উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ। একই সঙ্গে ওই চুরির ঘটনায় জড়িত অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে সেবক মোড় সংলগ্ন বাটা গলি এলাকা থেকে সামারনগর, চম্পাসারির বাসিন্দা কৃষ্ণ প্রসাদের একটি মোটরবাইক চুরি যায়। ঘটনার পর সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হলেও দীর্ঘদিন ধরে বাইকটির কোনও সন্ধান পাওয়া যায়নি।
সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে খালপাড়া ফাঁড়ির পুলিশ ঝঙ্কার মোড় ও বিবেকানন্দ রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ধৃতের নাম প্রাণ কৃষ্ণ মজুমদার।
পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। উদ্ধার হওয়া মোটরবাইকটি আদালতের নিয়ম মেনে শীঘ্রই প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।