শিলিগুড়ি,২৩ ডিসেম্বর: শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ও শিলিগুড়ি ইউনাইটেড খ্রিষ্টান ফোরামের সহযোগিতায় বড়দিন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। কাঞ্চনজঙ্গা স্টেডিয়াম থেকে শুরু হয়ে ভেনাস মোড় ও সেবক মোড় হয়ে এয়ার ভিউ মোড়ে এসে র্যালিটি শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে সামাজিক বার্তার পোস্টার ও গানের মাধ্যমে উৎসবের বার্তা ছড়িয়ে দেন।
র্যালি শেষে এয়ার ভিউ মোড়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে বড়দিনের আনন্দে মেতে ওঠেন বিভিন্ন বয়সের মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর কমিশনার, বোরো চেয়ারপার্সন, মেয়র পরিষদের সদস্য, পুরনিগমের আধিকারিকসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
এই অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষেরও স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। সম্প্রীতি ও উৎসবের মিলনমেলায় শিলিগুড়িতে ক্রিসমাস কার্নিভাল ২০২৫ এক বিশেষ মাত্রা যোগ করে।