শিলিগুড়ি শহরে অনুষ্ঠিত হল প্রাইড ওয়াকের অষ্টম সংস্করণ। এদিন মহাত্মা গান্ধী মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি হিলকার্ট রোড অতিক্রম করে বাঘাযতীন পার্কে এসে শেষ হয় এই বর্ণাঢ্য প্রাইড ওয়াক। রঙিন পতাকা, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে নিজেদের অস্তিত্ব, পরিচয় এবং অধিকার তুলে ধরেন এলজিবিটিকিউ+ সমাজের মানুষজন।
পথযাত্রা শেষে বাঘাযতীন পার্কে একাধিক সাংস্কৃতিক ও সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অংশগ্রহণকারীরা বলেন, “আমরাও এই সমাজের নাগরিক, আমরাও ভোট দিই। তাহলে কেন আমরা পিছিয়ে থাকব? কেন আমাদের বারবার আলাদা করে দেখতে হবে? আমরা সমান অধিকার চাই।”
তাঁরা আরও জানান, সমাজে ভাই-বোন, মা-বাবা, দিদি-দাদা—সবাই মিলে আমরা এক। বিভেদ নয়, সহাবস্থানই হোক সমাজের মূল ভিত্তি। প্রাইড ওয়াকের মাধ্যমে তাঁরা সরকারের কাছে আবেদন জানান, যেন এলজিবিটিকিউ+ এবং বিশেষ করে ট্রান্সজেন্ডার সমাজকে সমান চোখে দেখা হয় এবং সর্বস্তরে সহযোগিতা করা হয়।
অংশগ্রহণকারীদের বক্তব্যে উঠে আসে ট্রান্সজেন্ডারদের অধিকার সংক্রান্ত একাধিক দাবি। তাঁরা বলেন, “আমাদেরও বিয়ে করার অধিকার আছে, পরিবার গড়ার অধিকার আছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান—সব ক্ষেত্রেই আমরা সমান সুযোগ চাই।” সরকারি নীতি ও বাস্তব প্রয়োগের ক্ষেত্রে আরও সচেতনতা ও সহযোগিতার দাবি জানানো হয়।
এই প্রাইড ওয়াক শুধু একটি পথযাত্রা নয়, বরং এটি সমানাধিকার, সম্মান এবং মানবিক সমাজ গঠনের এক দৃঢ় বার্তা। শিলিগুড়ি শহরের বুকে এদিনের এই পদযাত্রা প্রমাণ করে দিল—ভালবাসা, পরিচয় ও অধিকার নিয়ে আর নীরব নয় এলজিবিটিকিউ+ সমাজ। তারা একত্রিত, তারা দৃঢ়প্রতিজ্ঞ, এবং তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের পথে এগিয়ে চলেছে।