শিলিগুড়ি : নতুন বছরের প্রথম দিনেই উৎসবের আমেজে ভরে উঠল শিলিগুড়ির সূর্যসেন পার্ক। বছরের শুরুতে সকাল থেকেই পার্ক চত্বরে ভিড় উপচে পড়ে। শুধু শিলিগুড়ি শহর নয়, শহরের বাইরের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে ভিড় জমান এই জনপ্রিয় বিনোদন কেন্দ্রে।
নতুন বছরকে স্বাগত জানাতে অনেককেই দেখা যায় বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এসে পিকনিক করতে। কোথাও চলছে পরিবারের সঙ্গে আনন্দমুখর আড্ডা, কোথাও আবার বন্ধুদের সঙ্গে ছবি তোলার হিড়িক। শিশুদের কোলাহলে মুখর হয়ে ওঠে গোটা পার্ক এলাকা।
এদিন বিশেষ আকর্ষণ ছিল পুনরায় চালু হওয়া বোটিং পরিষেবা। দীর্ঘদিন পর বোটিং চালু হওয়ায় খুশি দর্শনার্থীরা। সকাল থেকেই বোটিংয়ের টিকিট কাটতে লম্বা লাইন চোখে পড়ে। জলাশয়ে বোটিংয়ের আনন্দে মেতে ওঠেন বহু মানুষ।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পার্ক চত্বরে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ ও পার্ক কর্তৃপক্ষের কর্মীরা। পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া হয়।
সব মিলিয়ে আনন্দ, উচ্ছ্বাস ও মিলনমেলায় জমে উঠল শিলিগুড়ির সূর্যসেন পার্কে ২০২৬ সালের বর্ষবরণ।