শিলিগুড়ি,১৭ ফেব্রুয়ারি : শহরের ৪০ নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র পল্লী এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনের একটি অংশ বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, ভাঙা ও ক্ষতিগ্রস্ত ড্রেনের কারণে এলাকায় জল জমে থাকছে, নোংরা পরিবেশ তৈরি হচ্ছে এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার জানানো সত্ত্বেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
এদিকে, কয়েকদিন আগে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান ডেপুটি মেয়র রঞ্জন সরকার। পরিদর্শনের পর তিনি জানান, সমস্যার বিষয়টি তিনি নিজে সরেজমিনে দেখেছেন এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।
ডেপুটি মেয়র বলেন, “আমি নিজে জায়গাটি পরিদর্শন করেছি এবং আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ড্রেন সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার কথা বলা হয়েছে। খুব শীঘ্রই কাজ শেষ হবে।”