শিলিগুড়ি, ১৬ মার্চ: আসন্ন নির্বাচনের আগে শহরে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ। সেই প্রেক্ষিতেই বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাংকি ফাঁড়ি ও শিলিগুড়ি থানার পুলিশ।
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মহাকাল পল্লী সংলগ্ন সূর্যসেন পার্কের পেছনে অভিযান চালায় পুলিশ। সেখানে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়।
ধৃত অভিযুক্তের নাম রকি রায়, তার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় বলে জানা গেছে। ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।