শিলিগুড়ি, ১২ জুন: বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম সাহিল খাওয়াস, বাড়ি কার্শিয়াং এলাকায় এবং অভিষেক প্রধান, বাড়ি আপার ভানুনগর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের সরকার পাড়া, বঙ্কিম নগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে নেশার ট্যাবলেট বিক্রির অভিযোগ ছিল এই দুই যুবকের বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার সাদাপোষাকের পুলিশ ওই বাড়িতে হানা দেয়।
তল্লাশি চালিয়ে বাড়ির ভিতরে থাকা একটি আলমারি থেকে বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।