বেআইনি নির্মাণ ও বিল্ডিং বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
কাটমানি, সিন্ডিকেট ও অবৈধ তোলাবাজির অভিযোগে চালু চারটি টোল-ফ্রি নম্বর
শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা: অকুপেন্সি সার্টিফিকেট (ওসি) ছাড়া কোনও ফ্ল্যাট না কেনার জন্য শহরবাসীর প্রতি আবেদন জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বুধবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে নির্মাতাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রতিটি ভবনের জন্য অকুপেন্সি সার্টিফিকেট বাধ্যতামূলক।
মন্ত্রী জানান, এ বিষয়ে একাধিক অভিযোগ তাঁর কাছে এসেছে। অভিযোগগুলি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর এবং সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে পাঠানো হবে। তিনি দাবি করেন, পূর্ববর্তী পুরবোর্ডের আমলে বহু নির্মাণকাজে অনিয়ম হয়েছে এবং ব্যাপক হারে বিল্ডিং বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
শঙ্কর ঘোষের অভিযোগ, পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান বাণিজ্যিক কাজে বিক্রি করে দেওয়া হয়েছে এবং অনুমতি ছাড়াই বহু ভবনে অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে। এসব ক্ষেত্রে জড়িত আধিকারিক, নির্মাতা ও রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া শহরে হোর্ডিং লাগানো এবং বাইরে থেকে আবর্জনা এনে শহরে ফেলা রুখতেও কড়া পদক্ষেপ করা হবে।
সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য চারটি টোল-ফ্রি নম্বর চালু হয়েছে বলেও জানান মন্ত্রী। কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেট রাজের বিরুদ্ধে ১৫৫৩৩৫, বেআইনি টোল আদায়ের বিরুদ্ধে ১৫৫৩৩৭ এবং মাদক বা অবৈধ মদ বিক্রির অভিযোগের জন্য ১৫৫৩৩৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।