শিলিগুড়ি,৩০ জুলাই: ইস্টার্ন বাইপাস এলাকায় দীর্ঘদিন ধরেই ঘনঘন দুর্ঘটনার ঘটনা সামনে আসছিল। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। উদ্বোধন করা হলো একটি ট্র্যাফিক সিগন্যাল বুথ অফিস, যা দুর্ঘটনা নিয়ন্ত্রণে বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার ঢাকেশ্বরী কালী মন্দিরের সামনে আসিঘর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে এই নতুন ট্র্যাফিক সিগন্যাল বুথ অফিসের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার (ডিসিপি) কাজী সামসুদ্দিন আহমেদ, এডিসিপি পূর্ণিমা শের্পা, এসিপি চন্দন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এই বুথ অফিসে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং মনিটরিং ব্যবস্থা, যার মাধ্যমে এলাকার ট্র্যাফিক পরিস্থিতি নিয়মিত নজরে রাখা যাবে। কোনো দুর্ঘটনা বা যানজটের পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ইস্টার্ন বাইপাস এলাকা জনবহুল হলেও এতদিন সেখানে পর্যাপ্ত ট্র্যাফিক ব্যবস্থাপনা ছিল না। ফলে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটত। নতুন এই ট্র্যাফিক সিগন্যাল বুথ চালু হওয়ায় যান চলাচল আরও নিয়ন্ত্রিত ও স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।
পাশাপাশি, সকলকে ট্র্যাফিক নিয়ম মেনে চলার জন্যও আবেদন জানানো হয়েছে, যাতে দুর্ঘটনা এড়িয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়।