নারায়ণা আরএন টেগোর হাসপাতাল ও ম্যাক্সওয়েল হাসপাতালের যৌথ উদ্যোগে প্রতি মাসে বিশেষজ্ঞ চিকিৎসকের OPD
শিলিগুড়ি, ১৩ নভেম্বর: উত্তরবঙ্গের হৃদরোগীদের উন্নত চিকিৎসার পরামর্শ আরও সহজলভ্য করতে উদ্যোগী হল কলকাতার নারায়ণা আরএন টেগোর হাসপাতাল। শিলিগুড়ির ম্যাক্সওয়েল হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে এবার থেকে প্রতি মাসে চালু হচ্ছে বিশেষ কার্ডিয়াক সার্জারি OPD। এর ফলে হৃদরোগ সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ, চিকিৎসার দ্বিতীয় মতামত এবং জটিল অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য প্রাথমিকভাবে কলকাতায় যাওয়ার প্রয়োজন কমবে।
রোবোটিক ও জটিল অস্ত্রোপচার নিয়ে পরামর্শ : এই OPD-তে রোগীরা রোবোটিক-সহায়তায় কার্ডিয়াক সার্জারি, মিনিম্যালি ইনভেসিভ ভালভ রিপেয়ার, অ্যাওর্টিক আর্চ রিকনস্ট্রাকশন এবং হার্ট ট্রান্সপ্ল্যান্টের মতো উন্নত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষজ্ঞের পরামর্শ পাবেন। পাশাপাশি রোগীদের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা সম্পর্কেও মতামত দেওয়া হবে।
নারায়ণা আরএন টেগোর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিয়াক সার্জারি ও রোবোটিক সার্জারি) ডা. ললিত কাপুর জানান, উত্তরবঙ্গের মানুষের কাছে নিয়মিতভাবে বিশেষজ্ঞ সার্জিক্যাল পরামর্শ পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। প্রতি মাসে ম্যাক্সওয়েল হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসার বিভিন্ন বিকল্প সম্পর্কে জানানো হবে, যাতে তাঁরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় : এই উদ্যোগে কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসক ও উত্তরবঙ্গের স্থানীয় চিকিৎসকদের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রোগীদের প্রাথমিক চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও নিয়মিত চিকিৎসার দায়িত্বে থাকবেন স্থানীয় চিকিৎসকেরা। অস্ত্রোপচারের প্রয়োজন হলে নারায়ণা হাসপাতালের বিশেষজ্ঞ দল প্রয়োজনীয় মূল্যায়ন ও পরামর্শ দেবে।
নারায়ণা হেলথের পূর্বাঞ্চলের ডিরেক্টর ও ক্লাস্টার হেড অভিজিৎ সিপি জানান, ভৌগোলিক দূরত্বের কারণে যাতে কোনও রোগী বিশেষজ্ঞের পরামর্শ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। একইভাবে সংস্থার COO আর. ভেঙ্কটেশ জানান, পূর্ব ভারতে আঞ্চলিক স্বাস্থ্য পরিষেবার নেটওয়ার্ক শক্তিশালী করতেই এই পদক্ষেপ।
শিলিগুড়িতে পরামর্শ, অস্ত্রোপচার হবে কলকাতায় : হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এই পরিষেবা শুধুমাত্র OPD পরামর্শ, দ্বিতীয় মতামত এবং অস্ত্রোপচারের আগের মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ম্যাক্সওয়েল হাসপাতালে কোনও অস্ত্রোপচার করা হবে না। রোগী কলকাতায় চিকিৎসা করাতে চাইলে যাতায়াত, থাকার ব্যবস্থা ও হাসপাতালে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে সহায়তা করা হবে। তবে চিকিৎসার স্থান নির্বাচনের সিদ্ধান্ত রোগীর নিজের।
ম্যাক্সওয়েল হাসপাতালের ডিরেক্টর ও লিড কনসালট্যান্ট (ইন্টারভেনশনাল কার্ডিওলজি) ডা. রাজেশ নন্দা জানান, এই সহযোগিতার ফলে শিলিগুড়ির মানুষ স্থানীয় পরিকাঠামোর পাশাপাশি কলকাতার অভিজ্ঞ কার্ডিয়াক সার্জনদের পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।