নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন গৌড়ীয় মঠের সামনের নর্দমা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম মৃদুল চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় পূজার্চনার সঙ্গে যুক্ত ছিলেন মৃদুলবাবু। সাম্প্রতিক সময়ে পারিবারিক সমস্যার জেরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর। মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা গৌড়ীয় মঠের সামনে নর্দমায় তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ এবং আশিকর ফাঁড়ির পুলিশকর্মীরা। দেহটি উদ্ধার করার পর স্থানীয় বাসিন্দারাই মৃতের পরিচয় শনাক্ত করেন। ঘটনার জেরে এলাকা জুড়ে ভিড় জমে যায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের স্ত্রী বর্তমানে বাপের বাড়িতে রয়েছেন এবং তাঁকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। তবে মৃদুলবাবু কীভাবে নর্দমায় পড়লেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি নিছকই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে— তা খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ। তদন্তকারীদের মতে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। এই ঘটনায় গোটা এলাকায় রহস্য দানা বেঁধেছে।