নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: রাস্তা ও ফুটপাথ দখল করে ব্যবসা চালানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শেঠ শ্রীলাল মার্কেট এলাকায় পানি ট্যাংকি ট্রাফিক গার্ডের পুলিশকর্মীদের পক্ষ থেকে এই উচ্ছেদ ও সচেতনতা অভিযান চালানো হয়।
অভিযোগ, ওই মার্কেটের প্রায় অর্ধেকেরও বেশি রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চলছিল। এমনকি বড় দোকানের সামনে ছোট দোকান বসানো এবং রাস্তার অংশ অন্য দোকানকে ভাড়া দিয়ে টাকা তোলার মতো অভিযোগও সামনে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তা ও ফুটপাথ ফাঁকা রাখতে ব্যবসায়ীদের আগে থেকেই মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। গতকাল রাতেও পানি ট্যাংকি ট্রাফিক গার্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, লাইটের পোলের বাইরে কোনও দোকান বা পসার রাখা যাবে না। সমস্ত সামগ্রী দোকানের ভেতরে ও নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে আজ ফের রাস্তার ওপর দোকান সাজিয়ে বসেন ব্যবসায়ীদের একাংশ।
এর পরেই এ দিন রাস্তায় নামে ট্রাফিক পুলিশ। পুলিশ পৌঁছাতেই তড়িঘড়ি রাস্তার ওপর রাখা সামগ্রী সরিয়ে নিতে শুরু করেন দোকানদারেরা। পাশাপাশি ফুটপাথ ও রাস্তা দখল করে রাখা একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়।
যদিও শহরে অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান হলেও পুলিশ চলে যাওয়ার পর ফের আগের চেনা ছবি ফিরে আসার নজির রয়েছে। এই প্রেক্ষাপটে আগামী দিনে মার্কেটের পরিস্থিতি কেমন থাকে, সে দিকেই নজর রয়েছে। পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে, আজ মৌখিক সতর্কতা ও অভিযানের পর ভবিষ্যতে ফের একইভাবে রাস্তা দখল করা হলে রাস্তায় থাকা সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হবে