আটক প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায় সহ একাধিক সমর্থক
সারা দেশ ডাকা ধর্মঘটের প্রভাব এবার সরাসরি ছড়িয়ে পড়ল উত্তরবঙ্গের কোচবিহারে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে বনধকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল। সেই উত্তেজনা চূড়ান্ত রূপ নেয় কোচবিহারের সাগরদিঘিতে, যেখানে বনধ সমর্থনে বামফ্রন্টের কর্মীরা মিছিল করছিলেন।
মিছিল চলাকালীনই বনধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের শুরু হয় ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক আন্দোলনকারীকে আটক করে।
সবচেয়ে চাঞ্চল্যের বিষয় — এই ধস্তাধস্তির মাঝে পুলিশের হাতে আটক হন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী ও বাম নেতা অনন্ত রায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরদিঘি মোড়ে পুলিশ বারংবার মিছিল থামানোর চেষ্টা করে, কিন্তু সমর্থকরা মিছিল চালিয়ে যান। এরপরেই শুরু হয় তীব্র বচসা ও ধস্তাধস্তি।
ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনার পরও আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।