শিলিগুড়ি, ২৩ আগস্ট: নিউ জলপাইগুড়ি থানার সেন্ট্রাল কলোনির নেতাজি ক্লাবের সামনে গত ১৩ জুলাই ভোররাতে ঘটে চাঞ্চল্যকর চুরির ঘটনা। অভিযোগ, বাড়ির সামনে নেশাজাতীয় ওষুধ স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে চুরির ঘটনায় শামিল হয়েছিল চোরের দল।
পরিবারের দাবি, রাতভর সবাই অচেতন অবস্থায় ছিলেন। সকালে ঘুম ভাঙতেই দেখা যায় দরজা খোলা, আলমারি-টেবিল তছনছ, এবং নগদ টাকা, সোনার গয়না সহ একাধিক মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছে।
খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করে। প্রায় এক মাস দশ দিনের অনুসন্ধানের পর অবশেষে পুলিশ গ্রেফতার করে এক দুষ্কৃতীকে। শুক্রবার সন্ধ্যায় নৌকাঘাট এলাকা থেকে ধৃত সঞ্জয় মণ্ডলকে পাকড়াও করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতের বাড়ি শিলিগুড়ির টিকিয়াপাড়ায়। যদিও তার কাছ থেকে কোনো চুরি হওয়া সামগ্রী উদ্ধার হয়নি। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।