শিলিগুড়ি: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুর্গাপূজায় অনুদান প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানালেও, উত্তরবঙ্গের বহু ক্ষুদ্র ও পাড়াভিত্তিক পূজা কমিটি এখনও সেই অনুদান থেকে বঞ্চিত। ফলে আর্থিক অনটনের কারণে তাঁদের পূজা আয়োজন কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ, উত্তরবঙ্গ-এর সভাপতি শ্রী বিক্রমাদিত্য মন্ডল এক আবেদনে জানিয়েছেন, ক্ষুদ্র পূজা কমিটিগুলি প্রকৃত অর্থে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে পূজা করে থাকেন। তাঁদের কাছে স্পনসরশিপ বা বাণিজ্যিক সহায়তা সহজলভ্য নয়। তাই সরকারি অনুদান প্রাপ্তি তাঁদের জন্য অত্যন্ত সহায়ক হবে।

মহামঞ্চের বিশেষ দাবি:
- অনুদান বঞ্চিত ক্ষুদ্র ও পাড়াভিত্তিক পূজা কমিটিগুলিকে অবিলম্বে সরকারি অনুদান প্রদান।
- আর্থিক অনটনের কারণে সংকটে পড়া পূজা কমিটিগুলির স্বার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ।
- মহিলা পরিচালিত ও নবপ্রতিষ্ঠিত পূজা কমিটিগুলিকে বিশেষ ভাতা/অনুদান প্রদান, যাতে সমাজে নারীর নেতৃত্ব ও সাংস্কৃতিক বৈচিত্র্য আরও সুসংহত হয়।
বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি, সরকারের উচিত উৎসবের সময় কেবলমাত্র বড় ও নামী পূজা কমিটি নয়, বরং সমাজের প্রত্যন্ত স্তরে থাকা ছোট ও পাড়াভিত্তিক পূজা সংগঠনগুলির প্রতিও নজর দেওয়া।