শিলিগুড়ি,৭ সেপ্টেম্বর: প্রায় আট বছর পর ফের শিক্ষক নিয়োগের পরীক্ষা নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। রবিবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। এবারের পরীক্ষা হচ্ছে মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদ পূরণের জন্য।
শিলিগুড়িতে আজ ১৪টি কেন্দ্রে চলছে পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে রাখা হয়েছে কড়া নিরাপত্তা। উত্তরপ্রদেশ, বিহার, প্রয়াগরাজ-সহ একাধিক রাজ্য থেকেও পরীক্ষার্থীরা এসেছেন।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়। এরপর শীর্ষ আদালতের নির্দেশেই ফের নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তালিকাভুক্ত অযোগ্য প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হতে পারবেন না।
এবারের পরীক্ষায় বেশ কিছু নতুন নিয়মও চালু হয়েছে। পরীক্ষার্থীদের OMR শিটের কার্বন কপি দেওয়া হবে, মূল শিট সংরক্ষিত থাকবে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও আরও ২ বছর পর্যন্ত। পাশাপাশি OMR শিটের স্ক্যান কপি রাখা হবে ১০ বছর পর্যন্ত। এবারের দুটি ধাপ মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ ৬০ হাজার।
পরীক্ষা শুরুর আগে অনেক পরীক্ষার্থী অভিযোগ করেন যে, তাঁদের অ্যাডমিট কার্ড অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর এসেছে। এ বিষয়ে এসএসসি জানিয়েছিল, যাঁদের অ্যাডমিটে সমস্যা আছে, তাঁদের সকাল ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। সেই সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্রার্থীর স্ব-অ্যাটেস্টেড নথি আনতে হবে।
আজ দুপুর ১২টা থেকে শুরু হয়েছে পরীক্ষা।
পরীক্ষা ঘিরে রাজ্য প্রশাসনও কড়া নজরদারিতে রয়েছে। নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে এসএসসি এবং প্রশাসন, উভয়েই একাধিক পদক্ষেপ নিয়েছে।