শিলিগুড়ি, ৭ জানুয়ারি: জাঁকিয়ে পড়েছে শীত। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দুস্থ ও অসহায় পরিবারগুলি। সেই সব মানুষের পাশে দাঁড়াল আশিঘর ফাঁড়ির পুলিশ।
এদিন আশিঘর ফাঁড়ির ওসি মৃন্ময়ের ঘোষের নেতৃত্বে ফাঁড়ির অন্তর্গত বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুস্থ পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র । এই মানবিক উদ্যোগে আশিঘর ফাঁড়ির সমস্ত পুলিশ আধিকারিকরাই উপস্থিত ছিলেন।
হঠাৎ করে পুলিশকে পাশে পেয়ে এবং শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে ওঠে উপকৃত পরিবারগুলি। শীতের এই কঠিন সময়ে পুলিশের এমন সহানুভূতিশীল ভূমিকা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
এ প্রসঙ্গে ওসি মৃন্ময় ঘোষ জানান, আগামী দিনেও এই ধরনের মানবিক কর্মসূচি চালু থাকবে। পাশাপাশি তিনি আরও বলেন, কোথাও যদি দুস্থ ও অসহায় মানুষের খোঁজ পাওয়া যায়, তাহলে পুলিশকে জানালে তারা অবশ্যই সেই মানুষের পাশে দাঁড়াবে।