শিলিগুড়ি,২২ নভেম্বর: প্রতিবেশী দেশগুলিতে রাজনৈতিক অস্থিরতা ও দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পর ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে তৎপর কেন্দ্র।
শনিবার শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে অনুষ্ঠিত হল এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরের নিরাপত্তা পরিকাঠামো নতুন করে খতিয়ে দেখতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি, আরপিএফ, ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা, মিলিটারি পুলিশ, আর্মি ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় সড়ক দপ্তর, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ, জিআরপি সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থার উচ্চপর্যায়ের আধিকারিকরা।
সূত্রের খবর, বৈঠকে চিকেন নেক করিডোরে নজরদারি আরও কঠোর করা, সীমান্ত এলাকায় দ্বিগুণ তৎপরতা চালানো, এবং গুরুত্বপূর্ণ রুটগুলিতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই করিডোরে কোনও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে না পারে— সেদিকেই এখন কড়া নজর নিরাপত্তা সংস্থাগুলির।