শিলিগুড়ি,৫ সেপ্টেম্বর: নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে ফের বড় সাফল্য। রাতের অন্ধকারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ট্রাকভর্তি মোট বারোটি মহিষ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আটক হয়েছে আসামের দুই বাসিন্দা— গোপাল থাপা ও গোকুল নেপাল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নৌকা ঘাট এলাকা থেকে একটি ট্রাকের মাধ্যমে মহিষগুলো বিহার থেকে আসামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তৎপর হয়ে ওঠে এবং ট্রাকটিকে আটক করে। সেখান থেকেই বারোটি মহিষ উদ্ধার করা হয়। আটক হওয়া দুই যুবককে ট্রাক ও পশু-সহ থানায় নিয়ে আসা হয়।
পরে উদ্ধার হওয়া মহিষগুলোকে খোয়ারে রাখা হয়েছে। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।