শিলিগুড়ি,১৩ জানুয়ারী : শহরে ডাম্পারসহ ভারী যানবাহনের বেপরোয়া চলাচল রুখতে কড়া পদক্ষেপের পথে শিলিগুড়ি পুরনিগম। মঙ্গলবার শহরের বিভিন্ন গাড়ি চালকদের সংগঠনকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মেয়র গৌতম দেব।
এই বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাফিক এসিপি ইস্ট অভিষেক মজুমদার, পুর কমিশনার, শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকরা এবং বিভিন্ন গাড়ি চালক সংগঠনের প্রতিনিধিরা।
বৈঠকে জানানো হয়, শহরের রাস্তায় ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। আপাতত রাত্রি ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত ডাম্পার চলাচলের অনুমতি দেওয়া হবে। দিনের বেলায় সাধারণভাবে কোনও ডাম্পার চলাচল করতে পারবে না।
তবে দিনের বেলায় যদি কোনও সরকারি কাজের জন্য ডাম্পারহয় চালানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে পুলিশের পূর্বানুমতি নিতে হবে এবং সংশ্লিষ্ট গাড়িতে নির্দিষ্ট অনুমতিপত্রের বোর্ড লাগিয়ে চলাচল করতে হবে।
এছাড়াও শহরের আবাসিক এলাকায় বড় গাড়ি ঢোকা আটকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাই-বার (High Bar) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গাড়ি চালক সংগঠনগুলিকে জানানো হয়, ডাম্পার চালকদের সকলেরই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
মেয়র গৌতম দেব আরও জানান, ডাম্পার ও ভারী যান চলাচল সংক্রান্ত বিষয় নিয়ে খুব শীঘ্রই সব সংগঠনকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হবে।
ইস্টার্ন বাইপাস প্রসঙ্গে মেয়র বলেন, রাস্তা দখল করে একাধিক দোকান গজিয়ে ওঠায় রাস্তার প্রস্থ কমে গিয়েছে, যার জেরে দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও তিনি স্পষ্ট জানান।