শিলিগুড়ি,২ জানুয়ারী : ফি বৃদ্ধির প্রতিবাদে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের বাইরে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, কোনও পূর্বঘোষণা বা স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে ভর্তির ফি বাড়ানো হয়েছে। আগে যেখানে ভর্তির ফি ছিল ২৫০ টাকা, সেখানে তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। কেন এই ফি বৃদ্ধি করা হলো এবং কোন খাতে কত টাকা প্রয়োজন— সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনও হিসাব বা ব্যাখ্যা দিচ্ছে না বলেই অভিযোগ অভিভাবকদের।
আজ ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ৫০০ টাকা করে ফি নেওয়া হলে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন এবং ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। পরে অভিভাবকরা স্কুলের শিক্ষিকাদের সঙ্গে দেখা করেন। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে বিষয়টি পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করা হবে এবং সেই আলোচনার পরই চূড়ান্তভাবে ভর্তির ফি কত হবে তা জানানো হবে।
ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার আইসি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।