বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাশকতামূলক ছক বানচাল করল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির জংশন সংলগ্ন দার্জিলিং মোড় এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম গোপাল কর্মকার। সে শিলিগুড়ির পাতি কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশের কাছে আগে থেকেই গোপন খবর ছিল যে, এক যুবক সালবাড়ি এলাকা থেকে অস্ত্র নিয়ে শিলিগুড়ি জংশনের দিকে আসছে। কোনো এক ব্যক্তির হাতে সেই আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তার। সেই তথ্যের ভিত্তিতেই প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং দার্জিলিং মোড় এলাকায় ওৎ পাতে। সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কোমর থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
নির্বাচনের আগে এই অস্ত্র কোথায় পাচার করা হচ্ছিল এবং এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত গোপাল কর্মকারকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে বলে জানা গেছে।