শিলিগুড়ি, ১৮ মার্চ : ভোটের প্রাক্কালে বড়সড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রাজিব দত্ত ও সনৎ বর্মন। তাদের বাড়ি পশ্চিম ধানতলা এলাকায় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর প্রায় দু’টো নাগাদ ছোবা ভিটা এলাকায় বিক্রির উদ্দেশ্যে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল দুই যুবক। খবর পেয়ে সাদা পোশাকে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের আটক করা হয়।
তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, সনৎ বর্মনের বিরুদ্ধে আগেও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং পূর্বে তাকে গ্রেফতার করা হয়েছিল।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ধৃত দুই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।