শিলিগুড়ি, ১৫ ডিসেম্বর: শিলিগুড়ি শহরে সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় যখন সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময়েই বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইং।
মন্দিরে চুরির ঘটনায় মাত্র ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম রঞ্জন দাস ওরফে ভুলন। তার বাড়ি পূর্ব চয়ন পাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর গভীর রাতে পূর্ব চয়ন পাড়ার একটি শিবমন্দিরে চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে মন্দিরের চূঁড়া সহ একাধিক সামগ্রী চুরি করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে সেই চুরি করা সামগ্রী নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছিল সে।
১৪ ডিসেম্বর বিষয়টি প্রকাশ্যে আসতেই মন্দির কর্তৃপক্ষ আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে অ্যান্টি ক্রাইম উইং। মধ্যরাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রঞ্জন দাসকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার বাড়ি থেকে উদ্ধার করা হয় মন্দির থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী।
সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।