শিলিগুড়ি শহরের এক ট্রাক মালিক ড্রাইভারকে দিয়ে মালপত্র লোডিং আনলোডিং এর জন্য পাঠিয়েছিল। কিন্তু আজ নয় কাল করে গত এক মাস ধরে ঘোরাচ্ছিল চালক। অবশেষে ড্রাইভারের খোঁজ করতে করতে যেখানে মাল আনলোডিং করার কথা ছিল সেখানে ট্রাক মালিক পৌঁছানোর পর যা দেখল তাতেই চক্ষু চরক গাছ তার। দেখা যায়, মালপত্র আনলোডিং তো হয়ইনি, উলটো তার ট্রাকও নেই। এরপরই গত ২৮ আগস্ট শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করে। গত ৩০ তারিখেই জলপাইগুড়ি থেকে অভিযুক্ত অনিমেষ সরকারকে গ্রেফতার করে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। এরপর ধৃতকে পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ট্রাকটি জলপাইগুড়িরই একটি গ্যারেজে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর ওই গ্যারেজের কর্মচারী শচীন মহন্তকে জলপাইগুড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ট্রাকের হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে অভিযুক্ত গ্যারেজের কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ট্রাকটিকে টুকরো টুকরো করে কেটে বিক্রি করে দেওয়া হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ইষ্টার্ণ বাইপাসের অন্য একটি গ্যারেজে। পরে ইষ্টার্ণ বাইপাসের ওই গ্যারেজের কর্মচারী রাকেশ গুপ্তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনার তদন্তে পুলিশ।