শিলিগুড়ি,২০ মার্চ :শহরের রথখোলা মাঠ সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হল তৃণমূলের একাধিক দলীয় পতাকা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, যা ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রথখোলা মাঠের আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে লাগানো ছিল তৃণমূলের পতাকা। অভিযোগ, পরিকল্পিতভাবে সেগুলি খুলে বা ছিঁড়ে ফেলা হয়েছে। তৃণমূলের দাবি, একই জায়গায় থাকা গেরুয়া পতাকাগুলি অক্ষত থাকলেও শুধুমাত্র তাদের দলীয় পতাকাগুলিকেই টার্গেট করা হয়েছে। তাদের বক্তব্য, সামনে রাম নবমী উপলক্ষে বিভিন্ন এলাকায় গেরুয়া পতাকা লাগানো হলেও কেন শুধুমাত্র তৃণমূলের পতাকা ছেঁড়া হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে শিলিগুড়ি বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ জানিয়েছেন, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক—এই দাবিই তিনি করছেন।