শিলিগুড়ি: বাড়ির গোপালদের নিয়ে আনন্দঘন পিকনিকে মেতে উঠলেন শিলিগুড়ি ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বৈকুণ্ঠপুর বড় ফাঁপড়ি লোকনাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বিশেষ গোপাল পিকনিক। এদিন প্রায় ৫০টি গোপালকে নিয়ে মোট ১০০ জনেরও বেশি সদস্য এই অনুষ্ঠানে অংশ নেন।
সকালের দিকেই পিকনিকের সূচনা হয়। শিশুদের হাসি-আনন্দে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। পিকনিক উপলক্ষে ছিল জমজমাট ভোজনের আয়োজন। মেনুতে রাখা হয় লুচি, আলুর দম, মিষ্টি, কফি, ফ্রাইড রাইস, পনিরের সবজি সহ নানা সুস্বাদু খাবার।
এই বিষয়ে ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তোষী সোম জানান, “আমি প্রতিবছরই গোপাল পিকনিকে আমার বাড়ির গোপালকে নিয়ে আসি। শুধু আমি নই, এলাকার অনেকেই আসে। সবাই মিলে খুব আনন্দ করি।
আয়োজকদের মতে, শিশুদের মানসিক বিকাশ ও সামাজিকতার উদ্দেশ্যেই প্রতিবছর এই গোপাল পিকনিকের আয়োজন করা হয়। আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান আরও বড় আকারে করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।