শিলিগুড়ি,৭ ডিসেম্বর: শিলিগুড়ি উত্তর একটিয়াশাল এলাকায় সাধুর ছদ্মবেশে দুষ্কৃতীর চুরির চেষ্টা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। দিনের আলোয় প্রতারণা করতে গিয়ে স্থানীয়দের হাতে নাতে ধরা পড়ে এক যুবক। এরপর ক্ষুব্ধ জনতা তাকে ইলেকট্রিক পোলে বেঁধে উত্তমমধ্যম দেয়। খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন এলাকায় তিন থেকে চারজন যুবক সাধুর বেশে ঘুরে বেড়াচ্ছিল এবং নানা বাড়িতে ঢুকে পড়ছিল। অভিযোগ, অভিযুক্ত যুবক একটি বাড়িতে ঢুকে প্রথমে গৃহবধূর সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে, জল চাইতে চায় এবং ভগবানের কথা বলে ভবিষ্যৎবাণী শুনিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করে। এরপর গৃহবধূ তাকে ১০০ টাকা দান করলে সে আরও আশীর্বাদের নামে গলার সোনার মালা খুলে দিতে বলে।
গৃহবধূ মালাটি খুলে দিলে অভিযুক্ত তা একটি ঠাকুরের ছবি লাগানো খাতার ভেতরে রাখে এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা সন্দেহ হওয়ায় তাকে আটকে খাতা খুলে দেখতেই বেরিয়ে আসে সোনার চেইন। এর পরেই এলাকাবাসী তাকে ধরে ইলেকট্রিক পোলে বেঁধে রাখে এবং মারধর করে। মুহুর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে যায় তাঁর সঙ্গী।
ঘটনার খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।