শিলিগুড়ি, ৬ মার্চ: শিলিগুড়িতে দুই পৃথক এলাকায় শারীরিক হেনস্থার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অভিনাশ পাঠক ও দিলিপ সাহা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি লিম্বু বস্তি এলাকায় সিকিমের এক ২০ বছর বয়সি যুবতী কর্মসূত্রে ভাড়া বাড়িতে থাকেন। বাড়ির জন্য কিছু খাদ্যসামগ্রী কিনতে তিনি স্থানীয় একটি দোকানে যান। সেই সময় দোকানে আশেপাশে কেউ না থাকার সুযোগ নিয়ে দোকানদার অভিনাশ পাঠক ওই যুবতীকে শারীরিক হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনার পর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গতকাল অভিযুক্তকে তার দোকান থেকেই গ্রেফতার করে।
অন্যদিকে, ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির আমতলা এলাকায় আরেকটি শারীরিক হেনস্থার ঘটনা সামনে আসে। অভিযোগ, এলাকায় কীর্তন চলাকালীন এক ৯ বছর বয়সি নাবালিকার সঙ্গে শারীরিক হেনস্থা করে দিলিপ সাহা নামে এক ব্যক্তি। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। পরে আশিঘর ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে ওই অভিযুক্তের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত দুই অভিযুক্তকেই শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।