শিলিগুড়ি, ৫ নভেম্বর: ফের জাল সার্টিফিকেট কাণ্ডে চাঞ্চল্য ছড়ালো শহরে। গোয়েন্দা বিভাগের অভিযানে ধরা পড়ল এক চক্রের পাঁচ সদস্য। সূত্রের খবর, গতকাল শিলিগুড়ির চাঁদমনি এলাকায় অভিযান চালিয়ে দেবীডাঙ্গার বাসিন্দা মহেশ সাহা এবং রাজীব ছেত্রী নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয়টি জাল জন্মের শংসাপত্র।
ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরে গোয়েন্দারা আরও তিনজনের হদিশ পান। মাটিগাড়া এবং গজলডোবার মিলনপল্লী এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকেও উদ্ধার হয় আরও চারটি জাল জন্মের শংসাপত্র। এছাড়াও ধৃতদের মোবাইল ফোন ঘেঁটে বিপুল পরিমাণ জাল জন্ম ও মৃত্যুর শংসাপত্রের পিডিএফ ফাইল উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে ২৯ অক্টোবর সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ধরা পড়ে লালন কুমার ওঝা নামের এক ব্যক্তি। তার জেরাতেই উঠে আসে এই পাঁচজনের নাম। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।