শিলিগুড়ি, ২০ ডিসেম্বর: শিলিগুড়ি থানার বিপরীতে অবস্থিত একটি বাণিজ্যিক ভবনে অননুমোদিতভাবে পার্কিং ও মেইনটেন্যান্স চার্জ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই ভবনে কেনাকাটা কিংবা ব্যাংকের কাজে আসা সাধারণ মানুষদের কাছ থেকেও পার্কিংয়ের জন্য টাকা নেওয়া হচ্ছে। প্রতিটি বাইক পার্ক করার সময় “Parking and Maintenance Charges” লেখা ছাপা কুপন দিয়ে ১০ টাকা করে আদায় করা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, রাধাবাজার কমপ্লেক্সের ওই ভবনের একটি সাধারণ পার্কিং এলাকা রয়েছে, যা মূলত গ্রাহকদের ব্যবহারের জন্য নির্ধারিত। কিন্তু সেই পার্কিং এলাকাতেই এখন বাইক রাখলেই বাধ্যতামূলকভাবে টাকা দিতে হচ্ছে। এমনকি ভবনের ভিতরে থাকা একটি ব্যাংকের গ্রাহকদেরও এই চার্জ গুনতে হচ্ছে বলে অভিযোগ।
এ নিয়ে সাধারণ মানুষের দাবি, জনসাধারণের জন্য নির্ধারিত পার্কিং এলাকায় এভাবে টাকা আদায় সম্পূর্ণ অন্যায্য ও অনুচিত। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা।
এনিয়ে মেয়র পরিষদ রাজেশ প্রসাদ সাহ জানান, বিষয়টি জানা ছিলো না । এভাবে অবৈধ ভাবে কেউ টাকা তুলতে পারে না তাঁরা পুরনিগম থেকে কোনরকম পারমিশন না নিয়ে যদি এরকম করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার পুরনিগমের অধিকারিক সরজমিনে ক্ষতিয়ে দেখতে যাবে বলে জানান তিনি।