শিলিগুড়ি,৯ ফেব্রুয়ারি : সিভিক ভলান্টিয়ারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শিলিগুড়িতে চরম উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার সঠিক তদন্তের দাবিতে সোমবার শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অতিরিক্ত মানসিক চাপের কারণেই ওই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। পাশাপাশি অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়। সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয়েছে এই বিক্ষোভ কর্মসূচি থেকে।
জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীর ১২ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে প্রশিক্ষণ চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন এবং ছয় দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে ফুলবাড়ীতে এসেছিলেন।
প্রাথমিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে ক্যাম্পে থাকাকালীন পঙ্কজ বর্মন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীদের অভিযোগ, অসুস্থতার খবর কর্তৃপক্ষকে জানানো হলেও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গাফিলতির কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।
এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকালে প্রশিক্ষণরত অন্যান্য সিভিক ভলান্টিয়াররা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, ক্যাম্পে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা বা জরুরি স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিকাঠামো নেই। পাশাপাশি অতিরিক্ত মানসিক চাপের কারণেও এই দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবি উঠেছে।
বিক্ষোভকারীরা মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ প্রতিবাদ জানায় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলে।
এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পঙ্কজ বর্মনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তাঁদের পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।