শিলিগুড়ি, ১৩ জানুয়ারি: শিলিগুড়ির ঘোঘোমালি মেন রোড এলাকায় একটি পরিত্যক্ত সুটকেসকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়।
জানা গিয়েছে, চন্দন সাহা নামে এক ব্যক্তি তাঁর পরিবার নিয়ে ওই এলাকার একটি বহুতলে ভাড়া বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি তিনি সেই বাড়ি ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হচ্ছিলেন। সেই কারণে বাড়ির যাবতীয় জিনিসপত্র নতুন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। দুপুর নাগাদ এক মিস্ত্রিকে একটি সুটকেস নিয়ে যেতে বলা হলেও অসাবধানতাবশত সেটি রাস্তার ধারে রেখে তিনি সেখান থেকে চলে যান।
দীর্ঘক্ষণ সুটকেসটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহ দানা বাঁধে এবং বোমা থাকার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই আশিঘর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তার স্বার্থে সিজ করে দেয়। পাশাপাশি খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডকে।
এদিকে, বোম্ব স্কোয়াড পৌঁছানোর আগেই এলাকার এক মহিলা সুটকেসটির মালিককে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন। এরপর পুলিশ, বোম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডের উপস্থিতিতে সুটকেসটি খোলা হয়। তল্লাশি চালিয়ে দেখা যায়, সুটকেসের ভিতরে শুধুমাত্র কাপড় রাখা ছিল।
ঘটনায় কোনও বিস্ফোরক না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসী। যদিও কিছু সময়ের জন্য গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য বজায় ছিল।