শিলিগুড়ি, ১৮ ডিসেম্বর: দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর ফের প্রাণ ফিরে পেল সূর্যসেন পার্কের বোটিং ব্যবস্থা। বৃহস্পতিবার ফিতে কেটে বোটিং পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের আধিকারিকরা, পার্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং পার্কে ঘুরতে আসা বহু মানুষ।
এদিন মোট চারটি চার-সিটের হাঁস বোর্ড, দুটি চার-সিটের বোর্ড এবং চারটি দুই-সিটের বোর্ড উদ্বোধন করা হয়। পাশাপাশি পুকুরে আটটি রাজহাঁস নামানো হয় এবং মাছের পোনাও ছাড়া হয়। প্রায় ৯ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে এই নতুন বোর্ডগুলি সংগ্রহ করা হয়েছে।
বোটিংয়ের ভাড়া হিসেবে বর্তমানে চার-সিটের বোর্ডে মাথাপিছু ৬০ টাকা এবং দুই-সিটের বোর্ডে মাথাপিছু ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বোটিং চলাকালীন যাত্রীদের জন্য থাকছে লাইফ জ্যাকেট।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র গৌতম দেব জানান, পুকুর সংস্কারের কাজ এবং পুরনো বোর্ডগুলি দীর্ঘদিন ব্যবহারের ফলে নষ্ট হয়ে যাওয়ায় বোটিং পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল। নতুন করে বাইরে থেকে বোর্ড অর্ডার করে এনে আজ থেকে পুনরায় বোটিং চালু করা হলো।
তিনি আরও জানান, পার্কে শিশুদের মনোরঞ্জনের জন্য বাইরে থেকে নতুন খেলার সরঞ্জাম আনা হচ্ছে এবং পার্কের ভিতরে যেসব চলাচলের রাস্তা, লাইট খারাপ অবস্থায় রয়েছে, সেগুলিও দ্রুত সংস্কার করা হবে।