শিলিগুড়ি,৩ জুন: মুখ্যমন্ত্রীর ঘোষণামতো আজ থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাঠানো শুরু হলো। অন্নপূর্ণা যোজনার আওতায় এই আর্থিক সহায়তা প্রদানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জেলায় ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
এই উপলক্ষে শিলিগুড়িতেও একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। দার্জিলিং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসকসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি বিজেপি কর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এদিন প্রতীকীভাবে বেশ কিছু উপভোক্তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে সকল যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে।
প্রশাসনের দাবি, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা আরও বাড়বে এবং সংসার পরিচালনায় সহায়তা করবে। অন্যদিকে, উপভোক্তারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে খুশি প্রকাশ করেছেন।