শিলিগুড়ি,২২ জুলাই: পরিবেশ সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগে আরণ্য সপ্তাহ পালন ও সমাপ্তি করল একটিয়াশাল তিলেস্বরী অধিকারী হাই স্কুল। সপ্তাহজুড়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই উপলক্ষে পড়ুয়াদের ‘এক পের মা কে নাম’ কর্মসূচির আওতায় প্রত্যেককে একটি করে গাছ রোপণের আহ্বান জানানো হয়। সেই অনুযায়ী সকল ছাত্র-ছাত্রী একটি করে গাছ রোপণ করে। পাশাপাশি রোপিত গাছগুলিকে কেন্দ্র করে স্কুলের করিডোরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যা সকলের নজর কেড়েছে।
অরণ্য সপ্তাহের সমাপনী দিনে স্কুলে ‘অলিন্দ কানন’-এর উদ্বোধন করা হয়। পাশাপাশি স্কুল প্রাঙ্গন থেকে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়, যা আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় স্কুলে এসে শেষ হয়।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অরণ্য সপ্তাহ উপলক্ষে সাত দিন ধরে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। শুধু গাছ রোপণ নয়, সেই গাছের যথাযথ পরিচর্যার গুরুত্বও তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে।
পড়ুয়াদের পরিবেশ সম্পর্কে আরও জানাতে ও সচেতন করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।