শিলিগুড়ি (নিজস্ব সংবাদদাতা): অন্য রাজ্য থেকে ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল জিআরপি এসওজি। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপি এসওজি-র দল অভিযান চালিয়ে ডাউন রানি কমলাপতি এক্সপ্রেস থেকে প্রায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুই মহিলার নাম ফুলমালা দেববর্মা অফমানু (২০) এবং রিয়া দেববর্মা (২৬)। দু’জনেই ত্রিপুরার বাসিন্দা বলে জানা গিয়েছে।
সোমবার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, ডাউন রানি কমলাপতি এক্সপ্রেসের মাধ্যমে গাঁজা পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে জিআরপি এসওজি এবং এনজেপি পুলিশের আধিকারিকরা ট্রেনের এসি বি-২ কোচে তল্লাশি অভিযান চালান।
তল্লাশির সময় সন্দেহ হওয়ায় ওই দুই মহিলাকে আটক করা হয়। এরপর তাঁদের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ এবং একটি ব্যাকপ্যাক তল্লাশি করা হলে সেখান থেকে প্রায় ১৭ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
এনজেপি জিআরপি মঙ্গলবার দুই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করে। এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।