শিলিগুড়ি: আস্থা, ভক্তি ও প্রকৃতির উপাসনার অন্যতম উৎসব ছটপুজো। এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে ভিক্ষাবৃত্তি, দানের নামে অর্থ সংগ্রহ এবং লোকদেখানো সামাজিক কর্মকাণ্ড বন্ধের আবেদন জানাল বিহারী কল্যাণ মঞ্চ। পাশাপাশি ছটপুজোর পর মহানন্দা নদী ও বিভিন্ন ঘাটের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সাধারণ মানুষ এবং পুজো উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বিহারী কল্যাণ মঞ্চের ফাউন্ডার মেম্বার মনোজ তিওয়ারি, সভাপতি পরমবীর সিং, কোষাধ্যক্ষ বিনোদ দুগ্গল এবং সদস্য সুজিত বোস-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেখানে সংগঠনের সভাপতি পরমবীর সিং বলেন, ছটপুজো শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশের প্রতি শ্রদ্ধা জানানোরও উৎসব। অথচ বর্তমানে বিভিন্ন ঘাটে পুজো চলাকালীন এবং তার পরে যেভাবে আবর্জনা ছড়িয়ে পড়ছে, তা উদ্বেগের বিষয়। তাই পুজো শেষে ঘাট পরিষ্কারের ক্ষেত্রে উদ্যোক্তাদের পুরসভা ও এসজেডিএ-র সঙ্গে সহযোগিতা করার আবেদন জানান তিনি।
পরমবীর সিং আরও বলেন, ছটপুজোকে কেন্দ্র করে দানের নামে যেভাবে অর্থ ও সামগ্রী সংগ্রহ করা হচ্ছে, তাতে নিয়ন্ত্রণ থাকা জরুরি। যাঁদের সত্যিই প্রয়োজন, তাঁদের চিহ্নিত করে সাহায্য করা উচিত। রাজনৈতিক প্রচার বা ব্যক্তিগত প্রচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ডালা বিতরণ কিংবা দানের নামে দরিদ্র মানুষের ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচার করার প্রবণতা বন্ধ হওয়া দরকার। তাঁর কথায়, ছটপুজো পালনের জন্য বিপুল আয়োজন বা ব্যয়বহুল সামগ্রীর প্রয়োজন নেই। ফল, ফুল ও সামান্য উপকরণ দিয়েও নিষ্ঠার সঙ্গে এই পুজো করা সম্ভব।
অন্যদিকে, ছটপুজোর নামে বিভিন্ন এলাকায় ভিক্ষা সংগ্রহের প্রবণতা নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠন। সংগঠনের সদস্য ববু ভাই বলেন, শহরের বিভিন্ন রাস্তায় ডালা নিয়ে অর্থ সংগ্রহ করতে দেখা যাচ্ছে অনেককে। তাঁদের মধ্যে প্রকৃত পুজো-উদ্যোক্তা বা ভক্ত কতজন, তা যাচাই করা প্রয়োজন। সাধারণ মানুষকে যাচাই না করে কাউকে অর্থ না দেওয়ার আবেদন জানান তিনি।
তিনি জানান, যাঁদের সত্যিই ছটপুজোর সামগ্রী প্রয়োজন, তাঁদের পাশে দাঁড়াতে প্রস্তুত বিহারী কল্যাণ মঞ্চ। শিলিগুড়ির চম্পাসারিতে সংগঠনের কার্যালয়ে যোগাযোগ করলে প্রয়োজন অনুযায়ী পুজোর সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হবে। এমনকী কোনও পরিবার ঘাটে পুজো করার জায়গা না পেলেও সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগের জন্য ৯৮৩২০১৩৫৪৭ নম্বরটিও জানানো হয়।
সাংবাদিক বৈঠকে বক্তারা স্পষ্ট করেন, ছটপুজো এখন আর কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বাঙালি, মারোয়ারি, পাঞ্জাবি-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করছেন। এমনকী অন্যান্য ধর্মের কিছু পরিবারও নিষ্ঠার সঙ্গে ছটপুজো পালন করছেন বলে তাঁদের বক্তব্য। তাই এই উৎসবকে কোনও একটি সম্প্রদায়ের পরিচয়ে সীমাবদ্ধ না রেখে সর্বজনীন উৎসব হিসেবে দেখার আহ্বান জানানো হয়।
মহানন্দা নদীর পরিচ্ছন্নতা প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছটপুজোর মূল উপাচারে দুধ ও জল ব্যবহার করা হয়। তবে পুজোর পরে ধূপকাঠি, প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য নদী ও ঘাটে পড়ে থাকে। সেগুলি দ্রুত পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে ঘাট কমিটি ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের। মহানন্দা নদীকে শিলিগুড়ির প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করে নদীকে পরিষ্কার ও সুরক্ষিত রাখার জন্য সকলের সহযোগিতা চাওয়া হয়।
সবশেষে বিহারী কল্যাণ মঞ্চের পক্ষ থেকে সাধারণ মানুষ, পুজো কমিটি ও প্রশাসনের কাছে আবেদন জানানো হয়, ছটপুজোর পবিত্রতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দানের নামে অপব্যবহার, লোকদেখানো প্রচার এবং পরিবেশ দূষণ রুখতে সকলে সচেতন ভূমিকা পালন করুন।