জলপাইগুড়ি, ৩ সেপ্টেম্বর: অবৈধ মদ তৈরির বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল প্রশাসন। ভোরের আলো থানার অন্তর্গত গজলডোবার সরস্বতীপুর এলাকায় জলপাইগুড়ি আবগারি দফতরের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
অভিযানে উদ্ধার ১৩৫ লিটার আইডি লিকার
বৃহস্পতিবার ভোরে চালানো এই অভিযানে মোট ১৩৫ লিটার আইডি লিকার, ৫৬টি প্লাস্টিকের ড্রাম এবং ৩,৯২০ লিটার ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীগুলি অবৈধভাবে মদ তৈরির কাজে ব্যবহার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
উদ্ধার সামগ্রীর আনুমানিক মূল্য ৮.৫১ লক্ষ টাকা
দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অবৈধ মদ তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত
অভিযানের পর উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধ মদ তৈরি ও পাচারের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান চালানো হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।