মন্দির থেকে চুরি যাওয়া কাঁসার বাসন উদ্ধার, ৭২ ঘণ্টায় গ্রেফতার যুবক
শিলিগুড়ি, ২৪ নভেম্বর: বাড়ির মন্দির থেকে চুরি যাওয়া পূজার কাঁসার বাসনপত্র উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় চম্পক রায় নামে অম্বিকানগরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ও অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ২০ নভেম্বর ভোরে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সিপাইপাড়া মাস্টার প্ল্যান এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পোদ্দারের বাড়ির মন্দির থেকে পূজার কাঁসার বাসনপত্র চুরি যায়। সকালে বিষয়টি নজরে আসতেই পরিবারের সদস্যরা নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে থানার সাদা পোশাকের পুলিশ। তদন্তের সূত্র ধরে সোমবার অম্বিকানগর এলাকা থেকে চম্পক রায়কে গ্রেফতার করা হয়। জেরায় চুরি যাওয়া সামগ্রীর খোঁজ মেলে।
এর পরে অভিযুক্তকে সঙ্গে নিয়ে হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানকার একটি পরিত্যক্ত বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় চুরি যাওয়া কাঁসার বাসনপত্র উদ্ধার হয়। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।