শিলিগুড়ি, ১৩ নভেম্বর: রাজস্থানের রাজকীয় প্রাসাদের স্থাপত্যশৈলীতে সেজে উঠছে শিলিগুড়ির আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজো। এবছর ১৭তম বর্ষে পদার্পণ করছে এই পুজো। ইতিমধ্যেই পুজোকে ঘিরে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এবারের পুজোর পরিকল্পনা ও আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুজো কমিটির সম্পাদক শংকর দে।
এবারের পুজোর মূল আকর্ষণ রাজস্থানের রয়েল প্যালেসের আদলে তৈরি মণ্ডপ। মণ্ডপসজ্জা ও আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন প্রদীপ মজুমদার। অন্যদিকে, প্রতিমা নির্মাণ করছেন শিল্পী অজিত পাল। বিশেষ বিষয় হল, মণ্ডপসজ্জা থেকে প্রতিমা নির্মাণ—সমস্ত কাজেই স্থানীয় শিল্পীদের উপর ভরসা রেখেছেন উদ্যোক্তারা।
পুজো উপলক্ষে থাকছে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিনই দর্শনার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য বছরের মতো এবারও বসবে মেলা। ফলে প্রতিমা দর্শনের পাশাপাশি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পারবেন শহরবাসী।
এবারের পুজোর সামগ্রিক বাজেট প্রায় ২০ লক্ষ টাকা। দর্শনার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা। পুজো প্রাঙ্গণে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সকলে নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজকীয় মণ্ডপসজ্জা, আকর্ষণীয় আলোকসজ্জা, মেলা ও প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান—সব মিলিয়ে ১৭তম বর্ষে আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ।