শিলিগুড়ি,৩১ মে: শিলিগুড়ির লেকটাউন এলাকার জাগ্রত মহাশক্তি কালীবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এই প্রাচীন ও জনপ্রিয় মন্দিরে চোরের হানায় ক্ষুব্ধ ও উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে,রবিবার সকালে মন্দিরের পুরোহিত পিন্টু চৌধুরী ও অন্যান্য সেবায়েতরা মন্দিরে এসে দেখেন প্রধান দরজার তালা ভাঙা।এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করে তারা দেখতে পান,মায়ের মূর্তির অলংকার,পূজার বিভিন্ন সামগ্রী এবং বাসনপত্র সহ প্রায় সমস্ত মূল্যবান জিনিসপত্র উধাও।এমনকি মন্দিরের দানবাক্সও ভেঙে প্রায় ৩০হাজার টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
মন্দিরের পুরোহিতের অভিযোগ,চোরেরা মন্দিরের প্রায় কোনও জিনিসই ছেড়ে যায়নি।ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।তবে মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক দুস্কৃতিরা নিয়ে চলে যাওয়ায় তদন্তে কিছুটা বেগ পেতে হতে পারে পুলিশের বলেই মনে করছে প্রশাসনিক মহল।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।ইতিমধ্যেই দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।এই ঘটনায় এলাকাবাসীর দাবি,দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে মন্দিরের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে হবে।বর্তমানে পুরো ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ।