শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বর: দিদির ফাঁকা বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতার হল ভাই ও তার বন্ধু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির আরবিন্দপল্লি এলাকায়। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে এবং উদ্ধার করে চুরি যাওয়া সোনা ও নগদ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ সেপ্টেম্বর রাতে আরবিন্দপল্লির সমর ফ্যাক্টরির পাশের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক কল্পনা সাহা ও তাঁর পরিবারের সদস্যরা সে সময় বাড়িতে ছিলেন না। সেই সুযোগে তাঁরই ভাই আকাশ সাহা ও তার বন্ধু বিজয় দাস বাড়িতে ঢুকে সোনা ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ি থেকে প্রায় ২৫ গ্রাম সোনা এবং নগদ ১১ হাজার টাকা চুরি হয়। ঘটনার পর ১২ সেপ্টেম্বর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কল্পনা সাহা।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অ্যান্টি ক্রাইম উইং। তদন্তে অভিযুক্তদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার পর দ্রুত অভিযান চালানো হয়। পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার মাত্র দু’ঘণ্টার মধ্যেই আকাশ সাহা ও বিজয় দাসকে গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে ১৫ গ্রাম সোনা এবং চুরি যাওয়া নগদ ১১ হাজার টাকা উদ্ধার হয়েছে, যার বেশিরভাগই উদ্ধার করা হয়েছে বিজয় দাসের কাছ থেকে। তবে এখনও কিছু সোনা উদ্ধার বাকি রয়েছে বলে জানা গিয়েছে।
ধৃত দু’জনকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং।