শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বর: শিলিগুড়িতে সিধু-কানহুর মূর্তি পরিষ্কার করাকে কেন্দ্র করে বিজেপির ওবিসি মোর্চার সভাপতির সঙ্গে হাতাহাতির ঘটনায় তৈরি হওয়া বিতর্কে এবার ‘ভুল বোঝাবুঝি’র ব্যাখ্যা দিলেন দলের দুই নেতা। একইসঙ্গে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে দলীয় নেতৃত্বের কাছে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির আবেদন জানালেন তাঁরা।
ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা নান্টু পাল এবং দলের ওবিসি মোর্চার সভাপতি প্রণয় ঘোষকে শোকজ করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক সুমিত পাল, বিজেপি নেতা নান্টু পাল এবং ওবিসি মোর্চার সভাপতি প্রণয় ঘোষ।
‘ঘটনার নেপথ্যে ভুল বোঝাবুঝি’
সাংবাদিক বৈঠকে সুমিত পাল জানান, সিধু-কানহুর মূর্তি পরিষ্কারকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার নেপথ্যে মূলত ভুল বোঝাবুঝিই কাজ করেছে। ঘটনাটি কোনওভাবেই কাম্য ছিল না বলেও জানান তিনি।
নান্টু পাল ও প্রণয় ঘোষ দুজনেই এদিন বলেন, সেদিনের ঘটনায় তাঁরা মর্মাহত। তাঁদের বক্তব্য, পরিস্থিতি অনভিপ্রেতভাবে উত্তপ্ত হয়ে পড়েছিল। তবে এর পিছনে কোনও ব্যক্তিগত বিরোধ বা উদ্দেশ্য ছিল না বলেই তাঁরা দাবি করেন।
দলীয় নেতৃত্বের কাছে সহানুভূতির আবেদন
দুই নেতাই জানান, তাঁরা একই রাজনৈতিক দলের সদস্য। তাই বিষয়টি বিবেচনা করে দলীয় নেতৃত্বকে তাঁদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নেওয়ার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে ঘটনার জন্য তাঁরা দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি যাতে আর না তৈরি হয়, সেই বার্তাও দেন।
ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর সোমবারের সাংবাদিক বৈঠকে দুই নেতার এই ব্যাখ্যা ও দুঃখপ্রকাশ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।