শিলিগুড়ি,২ মে: রাজগঞ্জের পারোমুন্ডা এলাকায় তিস্তা সাফ ক্যানালের লিংক নদীতে স্নান করতে গিয়ে এক নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃত নাবালকের নাম তন্ময় দে (১৫)। শিলিগুড়ি ৩৭ নম্বর ওয়ার্ডে ঘোঘোমালি নিরঞ্জন নগর এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তন্ময়ের কয়েকজন বন্ধু তাকে খেলার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা রাজগঞ্জের পারোমুন্ডা এলাকায় তিস্তা সাফ ক্যানালের লিংক নদীতে যায়। সেখানে স্নান করার সময় আচমকাই তন্ময় তলিয়ে যায় বলে দাবি করা হয়।
খবর পেয়ে ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে এই ঘটনায় বড় অভিযোগ তুলেছে মৃতের পরিবার। তাদের দাবি, তন্ময় যেতে না চাইলেও এলাকার দুই যুবক ও অন্য এলাকার আরও দুইজন তাকে জোর করে নিয়ে যায় এবং পরিকল্পিতভাবে নদীতে ধাক্কা দিয়ে খুন করা হয়েছে। ঘটনার পর তার বন্ধুরা বাড়ি ফিরে এলেও পরিবারকে কিছু জানায়নি, এমনকি তন্ময়ের সাইকেলটি বাড়ির বাইরে রেখে চলে যায় বলে অভিযোগ।
শনিবার ময়নাতদন্তের পর দেহ বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। উল্লেখ্য, কিছুদিন আগেই তন্ময়ের বাবারও মৃত্যু হয়েছিল, ফলে পরিবারের উপর নেমে এসেছে দ্বিগুণ শোক।
অভিযোগের পর থেকেই অভিযুক্ত দুই বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গিয়েছে। এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশিগড় ফাঁড়ির পুলিশ মোতায়েন করা হয় এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ করানো হয়।
ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে আশিগড় ফাঁড়িতে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।