২৫ সপ্তাহে জন্ম নেওয়া অপরিণত শিশুর ওজন বেড়ে ১.২ কেজি, শিলিগুড়ির ম্যাক্সওয়েল হাসপাতালের চিকিৎসায় সাফল্য
শিলিগুড়ি, ১২ নভেম্বর: জন্মের সময় ওজন ছিল মাত্র ৬৮০ গ্রাম। গর্ভাবস্থার ২৫ সপ্তাহেই পৃথিবীর আলো দেখে শিশুটি। এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জন্ম নেওয়া এক অপরিণত শিশুকে দেড় মাসের নিবিড় চিকিৎসায় সুস্থতার পথে এগিয়ে নিয়ে এলেন শিলিগুড়ির ম্যাক্সওয়েল হাসপাতালের চিকিৎসকরা। বর্তমানে শিশুটির ওজন বেড়ে প্রায় ১.২ কেজি হয়েছে ।
হাসপাতাল সূত্রে খবর, বিহারের পূর্ণিয়ার বাসিন্দা ওই শিশুর মা গর্ভাবস্থায় অত্যন্ত উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ২৫ সপ্তাহেই প্রসব করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এই জটিল চিকিৎসা প্রক্রিয়ায় নেতৃত্ব দেন হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রিয়াঙ্কুর রায় এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জীত তিওয়ারি।
অত্যন্ত কম ওজন ও অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় শিশুটিকে দ্রুত হাসপাতালের লেভেল-৩ নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করা হয়। সেখানে প্রায় দেড় মাস চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। ধারাবাহিক চিকিৎসা ও বিশেষ পরিচর্যায় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সময়মতো চিকিৎসা, প্রসূতি ও শিশুরোগ বিশেষজ্ঞদের সমন্বয় এবং উন্নত নবজাতক পরিচর্যা ব্যবস্থার কারণে এই সাফল্য সম্ভব হয়েছে। আধুনিক অপারেশন থিয়েটার, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিশুটির বাবা উজ্জ্বল কুমার ও মা রূপালী কুমারী। উজ্জ্বল কুমার জানান, প্রথমদিকে স্ত্রী ও সন্তানের শারীরিক অবস্থা নিয়ে তাঁরা অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। চিকিৎসকের পরামর্শে পূর্ণিয়া থেকে শিলিগুড়িতে আসেন। দীর্ঘ চিকিৎসার সময় চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা তাঁদের পাশে থেকেছেন।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উজ্জ্বল কুমার বলেন, চিকিৎসকদের ওপর আস্থা রাখা অত্যন্ত জরুরি। তাঁর মতে, জটিল পরিস্থিতিতে সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটি এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ।