শিলিগুড়ি,১৪ অক্টোবর: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আশিঘর মোড়ে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। মঙ্গলবার আশিঘর মোড়ে একত্রিত হয়ে তারা রাস্তায় বসে পড়েন।
অভিযোগ, আশিঘর মোড় থেকে ঘোঘোমালী যাওয়ার রাস্তা বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিনই সেই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। শুধু তাই নয়, আশিঘর মোড় থেকে নরেশ মোড় পর্যন্ত রাস্তাটিও একই অবস্থায় রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার পঞ্চায়েত প্রধান, অঞ্চল প্রশাসন এবং বিধায়কের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের আরও অভিযোগ, এলাকার প্রধানকে প্রায়ই অফিসে পাওয়া যায় না — তিনি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত, সাধারণ মানুষের সমস্যা নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন না।
অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর অবরোধ তুলে নেন এলাকাবাসী।