নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকার ক্যানসার রোগীদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসার পরিসর বাড়াচ্ছে রাঙাপানির মণিপাল হাসপাতাল। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে রোগীদের পরিষেবা আরও জোরদার করার দিকে নজর দিয়েছে এই প্রতিষ্ঠান। একইসঙ্গে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য প্রিভিলেজ কার্ড চালুর কথাও জানানো হয়েছে।
আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞ দল : ক্যানসার কেয়ার সেন্টারের মাধ্যমে এখানে মেডিক্যাল, সার্জিক্যাল ও রেডিয়েশন অনকোলজি পরিষেবা মিলছে। রেডিয়েশন অনকোলজি বিভাগে ট্রুবিম (TrueBeam) প্রযুক্তির পাশাপাশি আইএমআরটি (IMRT), আইজিআরটি (IGRT) ও ভিএমএটি (VMAT)-এর মতো আধুনিক ব্যবস্থা রয়েছে, যা টিউমারের অবস্থান ও আকার অনুযায়ী নির্ভুল চিকিৎসা পরিকল্পনা তৈরিতে সহায়ক।
হাসপাতালে চারজন বিশেষজ্ঞ সার্জিক্যাল অনকোলজিস্টের একটি দল রয়েছে। তাঁদের সঙ্গে মেডিক্যাল ও রেডিয়েশন অনকোলজিস্ট এবং অন্যান্য বিশেষজ্ঞরা মিলে প্রতিটি রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসার রূপরেখা ঠিক করেন। হেড অ্যান্ড নেক সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. মণীশ গোস্বামী জানান, প্রতিটি রোগীর ক্ষেত্রে ক্যানসারের চিকিৎসা আলাদা হয়; তাই সঠিক চিকিৎসার জন্য রোগের পর্যায়, টিউমারের ধরন ও সামগ্রিক স্বাস্থ্য খতিয়ে দেখা জরুরি।
চিকিৎসা পরিষেবা ও মানসিক সহায়তা : কেন্দ্রে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, ব্র্যাকিথেরাপি, সার্জারি ও রেডিয়েশন থেরাপির পাশাপাশি রোগীদের জন্য কাউন্সিলিং ও মানসিক সহায়তার ব্যবস্থাও রয়েছে।
মণিপাল হাসপাতাল শিলিগুড়ির হসপিটাল ডিরেক্টর সঞ্জয় সিংহ মহাপাত্র বলেন, “উত্তরবঙ্গের বদলে যাওয়া স্বাস্থ্য চাহিদা মেটাতে উন্নত চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ পরিষেবা শক্তিশালী করা আমাদের অগ্রাধিকার। ক্যানসার চিকিৎসায় পরিষেবার বিস্তার সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” আধুনিক প্রযুক্তি, বিশেষজ্ঞতা ও নীতিগত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অঞ্চলে উন্নত ক্যানসার চিকিৎসা আরও সহজলভ্য করাই হাসপাতালের মূল লক্ষ্য।
সাংবাদিকদের জন্য প্রিভিলেজ কার্ড : এদিন রাঙাপানিতে সাংবাদিকদের হাতে প্রিভিলেজ কার্ড তুলে দেওয়ার কথাও ঘোষণা করা হয়। জানানো হয়েছে, এই কার্ডের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবার মণিপাল হসপিটাল নেটওয়ার্কে কনসালটেশন, রেডিওলজি এবং বিভিন্ন হেলথ চেকআপে ২৫ শতাংশের বেশি ছাড় পাবেন; রেজিস্ট্রেশনের পর আরও কিছু সুবিধা পাওয়া যাবে।