শিলিগুড়ি, আগস্ট: শহরের অন্যতম জনপ্রিয় পুজো কমিটি বিপ্লবী সংঘের উদ্যোগে ধুমধাম করে উদ্বোধন হল এবারের গণেশ পূজা। চতুর্থ বর্ষে পদার্পণ করা এই পুজোর শুভ সূচনা করেন পদ্মশ্রী প্রাপ্ত সমাজসেবী করিমূল হক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরই নতুনত্বের ছোঁয়ায় দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করে এই পুজো কমিটি। গত বছর শিশুরূপে গণেশের মূর্তি দর্শকদের নজর কেড়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও অভিনব ভাবনায় সাজানো হয়েছে মণ্ডপ ও প্রতিমা।
এবারের মূল আকর্ষণ ‘তপস্বী রূপে গণপতি’। প্রায় ১১ ফুট উচ্চতার এই প্রতিমায় ধ্যানমগ্ন গণেশের এক ভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রতিমায় গণেশের হাতে ‘মহাকাল’-এর প্রতীকী উপস্থাপনা, যা পুজোর থিমকে আরও গভীরতা দিয়েছে। মণ্ডপজুড়ে এই ‘মহাকাল তপস্যা’র ভাবনা দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।
শহরের শিবরাম পল্লীর বিবাদী স্মরণীতে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো। গতকাল শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সূচনা হলেও আজ অনুষ্ঠিত হবে মূল পূজা। পরবর্তী পাঁচ দিন মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য খোলা থাকবে। এই সময়কালে প্রতিদিন প্রসাদ বিতরণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
ক্লাব কর্তৃপক্ষের কথায়, “গত বছর যেভাবে দর্শকদের সাড়া পেয়েছিলাম, আশা করছি এবছর আরও বেশি মানুষের ভালোবাসা পাব। দর্শকদের জন্য নতুন ও আকর্ষণীয় কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।”