শিলিগুড়ি,২১ জুন: ফের আইএনটিইউসিতে (INTUC) যোগ দিলেন বর্ষীয়ান শ্রমিক নেতা অলোক চক্রবর্তী। একসময় আইএনটিইউসির রাজ্য সম্পাদক পদে থাকা অলোক চক্রবর্তী পরবর্তীতে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বও পান। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্য জুড়ে দলবদলের আবহের মধ্যেই তিনি ফের নিজের পুরনো সংগঠনে প্রত্যাবর্তন করলেন।
জানা গিয়েছে, আইএনটিইউসিতে ফিরে তিনি রাজ্য সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি উত্তরবঙ্গের আটটি জেলার ইনচার্জ হিসেবেও তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ন্যাশনাল ইউনিয়ন অফ প্ল্যান্টেশন ওয়ার্কার্স বিভাগের জেনারেল সেক্রেটারির পদেও নিযুক্ত করা হয়েছে তাঁকে।
তৃণমূল কংগ্রেস ছাড়ার কারণ প্রসঙ্গে অলোক চক্রবর্তী জানান, “দলে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছিলাম না বলেই এই সিদ্ধান্ত। তবে কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। খেটে খাওয়া মানুষের স্বার্থে কাজ করতেই আবার পুরনো জায়গায় ফিরে এলাম।”
দীর্ঘদিন পর নিজের পুরনো সংগঠনে ফিরে এসে তিনি আবেগপ্রবণ বলেও জানান। তাঁর এই প্রত্যাবর্তন শ্রমিক মহলে নতুন করে রাজনৈতিক জল্পনা উস্কে দিয়েছে।